লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে অনলাইন জুয়া খেলা ও টাকা লেনদেনের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে সাতটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গত মঙ্গলবার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী বটতলা রাধাগোবিন্দ মন্দিরের পাশে ডিবি অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে অপর চারজনকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- বকুল রায় (২৩), সাগর চন্দ্র রায় (২৪), গোপাল চন্দ্র রায় (২৩), এরশাদুল হক (৪০), নাজমুল হক (২৮), মাইদুল ইসলাম (৩৮) ও মিলন সরকার (৩৭)।
ডিবি পুলিশ জানায়, জব্দকৃত মোবাইল ফোনে Bee999, KG999, Joya777, Crickex, TK999.com, Babu88.com-সহ বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ও ওয়েবসাইট পাওয়া গেছে। এছাড়া নগদ ও বিকাশে টাকা লেনদেনের তথ্যও পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।