superadmin
প্রকাশ : Nov 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

মালবাহী ট্রেনে দুর্ধর্ষ হামলা ॥ লোকোমাস্টার ও সহকারীকে জখম

আবুল কালাম আজাদ : চুয়াডাঙ্গার দর্শনায় ক্রসিংয়ের জন্য দাঁড়িয়ে থাকা একটি খালি তেলবাহী (বিটিও ট্যাংকার) ট্রেনের ইঞ্জিনের কাঁচ ভেঙে ভেতরে ঢুকে চালক ও সহকারী চালককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ভোর আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে দর্শনা জংশন আউটার সিগন্যালের কাছে দুধপাথিলা এলাকায় এ দুর্ধর্ষ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা আহতদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় রেলপথে দায়িত্বরত লোকোমাস্টারদের নিরাপত্তা নিয়ে আবারও চরম উদ্বেগ দেখা দিয়েছে। আহত দুই রেলকর্মী হলেন- লোকোমাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেন। স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা খুলনাগামী খালি বিটিও ট্যাংকার ট্রেনটি খুলনা থেকে ঢাকাগামী ‘নকশিকাঁথা কমিউটার’ ট্রেনকে ক্রসিং দেওয়ার জন্য দর্শনা হল্ট স্টেশনের আগে দুধপাথিলা মুরগির ফার্ম এলাকায় দাঁড়িয়ে ছিল। ভোর ৩টা ২০ মিনিটের দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত ট্রেনটির লোকোমোটিভে (ইঞ্জিন) ওঠার চেষ্টা করে। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় দুর্বৃত্তরা ইঞ্জিনের সামনের কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে এবং লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
আহত লোকোমাস্টার নজরুল ইসলাম জানান, “দরজা বন্ধ থাকায় দুর্বৃত্তরা কাঁচ ভেঙে ঢুকে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা আমাকে ও সহকারীকে কুপিয়ে জখম করে আমাদের দুটি মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা ও সঙ্গে থাকা কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে যায়। আমরা বর্তমানে চিকিৎসার জন্য ঈশ্বরদী ফিরে যাচ্ছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত ট্রেনটি উথলী স্টেশনের লুপ লাইনে সরিয়ে নেওয়া হয়। উথলী রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসিন আরাফাত জানান, আহত চালকরা ট্রেন চালানোর মতো অবস্থায় না থাকায় ট্রেনটি বর্তমানে উথলী স্টেশনেই অবস্থান করছে। ঈশ্বরদী থেকে বিকল্প লোকোমাস্টার আসার পর ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও জিআরপি পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য পশ্চিম রেলের প্রধান যান্ত্রিক প্রকৌশলীর সরকারি নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। যে কারণে এই বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী আসিব মাহমুদ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
তিনি বিষয়টি জানার পরপরই প্রধান যান্ত্রিক প্রকৌশলী এবং পশ্চিম রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছেন। ইতিমধ্যে ঘটনা তদন্তে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, যেহেতু যাত্রীবাহী ট্রেন থেকেই রেলের সিংহভাগ রাজস্ব আসে এবং যাত্রীবাহী ট্রেনগুলি সাধারণত রাতে চলাচল করে, তাই লোকো মাস্টারদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালবাহী ট্রেনেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা যাতে গার্ড রুমের পাশাপাশি লোকোমাস্টার রুম বা ইঞ্জিনেও দায়িত্ব পালন করেন, সে বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান।
এদিকে, মালবাহী ও তেলবাহী ট্রেনগুলোতে নিয়মিত নিরাপত্তার ঘাটতি ও কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কর্মরত লোকোমাস্টাররা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক লোকোমাস্টার জানান, যাত্রীবাহী ট্রেনে রেলওয়ে পুলিশ (জিআরপি) বা নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা দায়িত্ব পালন করলেও মালবাহী, পার্সেল কিংবা তেলবাহী ট্রেনগুলোতে কোনো নিরাপত্তারক্ষী দেওয়া হয় না। নির্জন আউটার সিগন্যাল বা স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা ক্রসিংয়ের জন্য দাঁড়িয়ে থাকতে হয় এসব ট্রেনকে। ইঞ্জিনের দরজা-জানালাও অনেক সময় ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। ফলে রাতের আঁধারে চালক ও সহকারীরা পুরোপুরি অরক্ষিত থাকেন এবং প্রায়ই ছিনতাইকারী ও দুর্বৃত্তদের হামলার শিকার হন।
রেলপথে চলমান এই নিরাপত্তাহীনতা ও চালকদের সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অবসরপ্রাপ্ত লোকোমাস্টার আবুল কালাম আজাদ। তিনি বলেন, “একজন লোকোমাস্টার কোটি কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ ও মানুষের জীবন নিরাপদে গন্তব্যে পৌঁছে দেন, অথচ তাদের নিজেদের জীবনেরই কোনো নিরাপত্তা নেই। বিশেষ করে রাতের বেলায় আউটার সিগন্যালে ট্রেন দাঁড়ালে চালকরা চরম আতঙ্কে থাকেন। ইঞ্জিনের ভেতর থেকে বাইরের অন্ধকার দেখা যায় না, এই সুযোগে দুর্বৃত্তরা সহজেই হামলা চালায়।”
নিরাপত্তাহীনতার কারণে ট্রেন পরিচালনায় কী ধরনের সমস্যা হচ্ছে তা উল্লেখ করে আবুল কালাম আজাদ আরও বলেন, “চরম নিরাপত্তাহীনতা ও মানসিক চাপ নিয়ে কখনোই নির্বিঘ্নে ট্রেন চালানো সম্ভব নয়। হামলার ভয়ে অনেক সময় চালকরা নির্জন এলাকায় সিগন্যালে দাঁড়াতে আতঙ্কবোধ করেন, যা ট্রেনের শিডিউল বিপর্যয় ও দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। তাছাড়া এভাবে একের পর এক হামলায় দক্ষ চালকরা আহত হলে রেলওয়েতে তীব্র চালক সংকট দেখা দেবে। অবিলম্বে প্রতিটি মালবাহী ও তেলবাহী ট্রেনে সশস্ত্র নিরাপত্তা প্রহরী নিশ্চিত করা এবং ইঞ্জিনের নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়ন করা জরুরি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশঝাড়ের নিচে তেলের খনি! পানির ট্যাংকে মিলল ১০ হাজার লিটার

1

সিরাজগঞ্জে বাড়ছে বাণিজ্যিক আখ চাষ

2

৩৩৬ কোটি টাকার রূপপুর রেলপথে নেই ট্রেন ॥ ৩০ ইঞ্জিনের হিসাবও

3

আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট

4

মার্কিন আরও এক F-15 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

5

ফেসবুকে পোস্ট নিয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ॥ অস্ত্রসহ অভিযুক্ত

6

যশোরে প্রথম ডেঙ্গু জ্বরে আক্রান্ত যুবকের মৃত্যু

7

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাই

8

তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ‘ফ্যামিলি কার্ড’: সমাজকল্যাণমন্

9

ক্ষমতার দাপটে এক চেয়ারেই ১২ বছর পিডিবিএফ কর্মকর্তা মোঃ মছলেউ

10

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না : মির্জা ফখর

11

সবুজ নগরী গড়তে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রা

12

ফরিদপুরে নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের দায়ে তিন যুবকের যাবজ

13

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ অনেকে হতাহ

14

দুর্নীতি করব না, কাউকে করতেও দেবো না: শিক্ষামন্ত্রী

15

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে বিজনেস ইনোভেশন ফেয়ার অনুষ্ঠিত

16

বিশ্বকাপ ফাইনাল মাতাবেন জাস্টিন বিবার, থাকবেন শাকিরা, ম্যাডো

17

সিরাজগঞ্জে যমুনার ভাঙনে নিঃস্ব বহু পরিবার

18

নওগাঁ-১ আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ তিনজনের মনোনয়নপ

19

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন