মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার মদন উপজেলায় কোন প্রকার নিলাম প্রক্রিয়া বা সরকারি নিয়ম-নীতি ছাড়াই মদন-শিবপাশা রাস্তার একটি পুরাতন ব্রিজ ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা প্রকৌশলীর যোগসাজশে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এতে সরকারি রাজস্ব আত্মসাতের আশঙ্কার পাশাপাশি চরম চলাচলের ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এ ঘটনায় প্রতিকার ও সুষ্ঠু তদন্ত চেয়ে গত ৯ নভেম্বর মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ফেকনী গ্রামের বাসিন্দারা।
অভিযোগ সূত্রে জানা যায়, মদন থেকে ফেকনী হয়ে শিবপাশা গ্রাম পর্যন্ত যাতায়াতের রাস্তাটি এলজিইডি’র (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) অধীনে সংস্কার বা উন্নয়নের জন্য টেন্ডার হয়েছে। ওই রাস্তার ফেকনী গ্রাম সংলগ্ন পুরাতন ব্রিজটি কোনো ধরনের নিলাম বা সরকারি বিধিমালা না মেনে রাতের আঁধারে বা গোপনীয়তায় ভেঙে নিয়ে যাওয়া হয়েছে।
এলাকাবাসীর আশঙ্কা, পুরোনো এই ব্রিজটির লোহা ও অন্যান্য মূল্যবান নির্মাণসামগ্রী এভাবে নিয়মবহির্ভূতভাবে সরিয়ে নেওয়ায় সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া ব্রিজটি আকস্মিক ভেঙে ফেলায় ওই রাস্তা দিয়ে চলাচলকারী স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ চরম যাতায়াত ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় ফেকনী গ্রামের বাসিন্দা ও অভিযোগকারী সৈয়দ মোশাররফ হোসেন, মো. রোমন মিয়া ও মো. ফজলে রাব্বিসহ স্বাক্ষরকারী ব্যক্তিরা অবিলম্বে সরেজমিন তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগকারী সৈয়দ মোশাররফ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “কোনো ধরনের সরকারি নিলাম বা টেন্ডার প্রক্রিয়া ছাড়াই ব্রিজটি ভেঙে নিয়ে যাওয়া হয়েছে। এতে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে এলাকার সাধারণ মানুষ চলাচলের ক্ষেত্রে সীমাহীন কষ্টে পড়েছেন। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”
এ বিষয়ে মদন উপজেলা প্রকৌশলী মোঃ আরিফ উল্লাহ খানের সাথে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ইউনিয়ন পরিষদ থেকে নিলাম দেওয়া হয়েছে। নিলাম প্রক্রিয়ার মাধ্যমে ব্রিজ ভেঙে এলজিইডির নিয়োগকৃত ঠিকাদার ব্রিজ নির্মাণ করছেন।
তবে নিলাম কত টাকায় হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ইউনিয়ন প্রশাসকের সঙ্গে যোগাযোগ করেন, তিনি ভালো বলতে পারবেন।”
অন্যদিকে, মদন ইউনিয়ন প্রশাসক ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার আলমগীর কবির সম্পূর্ণ ভিন্ন বক্তব্য দিয়ে বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না। আপনি ইঞ্জিনিয়ার অফিসে কথা বলেন, তারা ভালো বলতে পারবে।” এদিকে, রাস্তার কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এম এস ভাটি বাংলা’র প্রতিনিধি সেন্টু মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. এ. কাদের বলেন, “অভিযোগটি আমি পেয়েছি। ইউনিয়ন প্রশাসক কোনোভাবেই এই নিলাম দিতে পারেন না। বিষয়টি যেহেতু এলজিইডি’র, তাই এলজিইডি’র ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি দেখছি।”