superadmin
প্রকাশ : Sep 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বপ্ন দেখিয়ে হতাশ করল বাংলাদেশ, সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের টানা হার

ক্রীড়া ডেস্ক : প্রতিশোধের গল্পটা শুরু হয়েছিল আশাবাদ দিয়ে, শেষ হলো পুরোনো ক্ষত আরও গভীর করে। গত মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে ০-১ গোলের হারে বাংলাদেশের দুঃখের কারণ ছিলেন হ্যারিস স্টুয়ার্ট। কয়েক মাস পর আবারও সেই সিঙ্গাপুর, আবারও একই ব্যবধানে হার, আর এবারও বাংলাদেশের হতাশার কেন্দ্রে সেই স্টুয়ার্টই! তার একমাত্র গোলে ফিফা আসিয়ান কাপের ডিভিশন-১-এর ‘এ’ গ্রুপে সিঙ্গাপুরের কাছে হেরে টানা দ্বিতীয় হার দেখল বাংলাদেশ। তাতে টুর্নামেন্টে লড়াইয়ে টিকে থাকার সুযোগটাও হাতছাড়া হয়ে গেল!

জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে আজ ম্যাচের শুরুটা অবশ্য ছিল বাংলাদেশের জন্য আশাব্যঞ্জক। মালয়েশিয়ার কাছে প্রথম ম্যাচে ০-৩ গোলের হারের ধাক্কা কাটিয়ে ওঠার প্রত্যয় দেখা যাচ্ছিল মাঠের খেলায়। প্রথম ২৫ মিনিটে মাঝমাঠের লড়াইয়ে বাংলাদেশ ছিল যথেষ্ট সক্রিয়। রাকিব হোসেন ও শুকি ইতুফুসা কয়েকবার সিঙ্গাপুরের রক্ষণে চাপও তৈরি করেন। কিন্তু আক্রমণের শেষ ধাপে গিয়ে সেই তৎপরতা আর ধারালো হয়ে উঠতে পারেনি। ফলে বলের দখল কিংবা মাঝমাঠের লড়াই থাকলেও সিঙ্গাপুরের গোলমুখে পরিষ্কার সুযোগ তৈরি হচ্ছিল না!


৬ মিনিটেই হলুদ কার্ড দেখেন শমিত সোম। এর কিছুক্ষণ পর সিঙ্গাপুরও বাংলাদেশের রক্ষণে চাপ বাড়াতে শুরু করে। ১৭ মিনিটে বাঁ প্রান্ত থেকে আসা ক্রসে ইলহান ফান্দির শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। কর্নারের বিনিময়ে সে যাত্রায় বিপদ কাটে বাংলাদেশের।

প্রথমার্ধের মাঝামাঝি পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি কোনো দলের হাতে ছিল না। কিন্তু ৩০ মিনিটের কুলিং ব্রেক যেন ম্যাচের গতিপথ বদলে দিল। বিরতির পর সিঙ্গাপুরের আক্রমণে বাড়ল গতি, আর বাংলাদেশ ধীরে ধীরে নিজেদের ছন্দ হারাতে শুরু করল।


৩২ মিনিটে হ্যারিস স্টুয়ার্টকে ফাউল করে হলুদ কার্ড দেখেন জিদান ইউসুফ। সেই ফ্রি-কিক থেকেই বড় বিপদ তৈরি করে সিঙ্গাপুর। জ্যাকব উইলিয়ামের হেড গোলমুখে যাচ্ছিল, কিন্তু শ্রাবণ অসাধারণ দক্ষতায় তা ঠেকিয়ে দেন। ফিরতি শটও প্রতিহত করে বাংলাদেশকে রক্ষা করেন তারিক কাজী। কয়েক মুহূর্তের ব্যবধানে দুই দফা বিপদ সামলেও শেষ পর্যন্ত আর রক্ষা হয়নি।

৩৫ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে নুর আদম আব্দুল্লাহর বাড়ানো ক্রসে বক্সে উঠে আসেন হ্যারিস স্টুয়ার্ট। নিখুঁত হেডে বল পাঠিয়ে দেন বাংলাদেশের জালে। কাছ থেকে নেওয়া সেই হেডে শ্রাবণ এবার কিছুই করতে পারেননি। বাংলাদেশের জালে বল জড়ানোর সঙ্গে সঙ্গে যেন ফিরে আসে কয়েক মাস আগের সেই স্মৃতিও-প্রতিপক্ষ সিঙ্গাপুর, গোলদাতা সেই স্টুয়ার্ট, আর বাংলাদেশের সামনে আবারও ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ার বাস্তবতা!

Advertisement

গোলের ধাক্কা সামলানোর আগেই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল সিঙ্গাপুর। ৩৭ মিনিটে তাদের একটি শট বাংলাদেশের ক্রসবারে লেগে ফিরে আসে। প্রথমার্ধে বাংলাদেশের বল দখল থাকলেও লক্ষ্যে কোনো শট নিতে পারেনি তারা। বিপরীতে সিঙ্গাপুরের পাঁচ শটের চারটিই ছিল লক্ষ্যে।

বিরতির পর সমতা ফেরানোর তাড়নায় সামনে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু আক্রমণে গতি থাকলেও শেষ পাস কিংবা ফিনিশিংয়ে সেই ধার দেখা যায়নি। ৪৭ মিনিটে শাহ শাহিরানের দূরপাল্লার শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে আবারও বাংলাদেশকে স্বস্তি দেন শ্রাবণ।

৫৮ মিনিটে শেখ মোরসালিনের জায়গায় মিনহাজুল করিম স্বাধীনকে মাঠে নামান কোচ থমাস ডুলি। এরপর ৬৪ মিনিটে বাংলাদেশের সামনে আসে সমতা ফেরানোর সুযোগ। ডান প্রান্ত থেকে সাদ উদ্দিনের ক্রসে লাফিয়ে হেড করার চেষ্টা করেন শমিত সোম। কিন্তু তাঁর হেড চলে যায় বারের ওপর দিয়ে। গোলের জন্য বাংলাদেশের অপেক্ষা আরও দীর্ঘ হয়।

শেষ ২০ মিনিটে আক্রমণে আরও মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। ৭০ মিনিটে জোড়া পরিবর্তনে সোহেল রানা জুনিয়র ও ফাহামিদুল ইসলামকে মাঠে নামান ডুলি। বিশেষ করে ইতালি-প্রবাসী ফাহামিদুল মাঠে আসার পর বাংলাদেশের আক্রমণে কিছুটা প্রাণ ফেরে। ৭৯ মিনিটে তাঁর ক্রস থেকে রাকিব হোসেনের হেড সিঙ্গাপুরের হ্যারিস স্টুয়ার্টের গায়ে লেগে কর্নারে পরিণত হয়। কিন্তু সেই কর্নার থেকেও সমতার গোল পায়নি বাংলাদেশ।

যোগ করা সময়েও ব্যবধান বদলায়নি। শেষ বাঁশির সঙ্গে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিঙ্গাপুর। আর বাংলাদেশের জন্য একই সঙ্গে শেষ হয়ে যায় ম্যাচে ফেরার আশা ও শিরোপার লড়াইয়ে টিকে থাকার সম্ভাবনা।

মালয়েশিয়ার কাছে ০-৩ গোলে হারের পর সিঙ্গাপুরের কাছে এই ০-১ পরাজয়ে দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট রইল শূন্য। ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ১ অক্টোবর ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে জামাল ভূঁইয়ার দল। অন্যদিকে তিন পয়েন্ট নিয়ে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া গ্রুপের লড়াইয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলশীতে হিজড়া সম্প্রদায়ের গুরুমার মরদেহ উদ্ধার ; গলায় দাগ ঘি

1

ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্

2

ইতালির স্পন্সর ভিসা:২০২৭ ও ২০২৮ সালের আবেদন কবে? জানুন বিস্ত

3

সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি : প্রধানমন্ত্রী

4

নাঙ্গলকোটে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল

5

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

6

এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ

7

সিরাজগঞ্জে বাড়ছে বাণিজ্যিক আখ চাষ

8

‘লালপরী’ হয়ে আসছেন স্পর্শিয়া

9

টংগিবাড়ীতে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা

10

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির পর আতঙ্

11

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

12

রাউজানে ইটবোঝাই ট্রাকের পিষ্টে সাবেক ইউপি সদস্যের মৃত্যু, সড়

13

ট্রাম্প রাজি হলেও,রাজি নয় ইরান

14

শুটিং সেটে সামিয়া অথৈকে মারধরের অভিযোগ তানজিন তিশার বিরুদ্ধে

15

আগৈলঝাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

16

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের চিঠি কেন বাতিল নয়

17

বিয়ের আনন্দ শেষে বাড়ি ফেরা হলো না; কর্ণফুলীতে প্রাণ গেল ৪ জন

18

১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১৭২৮ টাকা

19

পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন