আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের নবাগত জেলা প্রশাসক মো. মামুন খন্দকার এর সাথে আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বরিশালের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন এবং আগৈলঝাড়া উপজেলায় ভূমিসেবা নিতে গিয়ে দালাল বা মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে সাধারণ মানুষ যাতে হয়রানি ও অতিরিক্ত অর্থ ব্যয়ের শিকার না হয় সে বিষয়ে খেয়াল রাখার আহ্বান জানান। সাধারণ মানুষ যাতে সরাসরি স্বচ্ছ, সহজ ও হয়রানিমুক্ত ভূমিসেবা পান এবং দালালদের দৌরাত্ম্য বন্ধ হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
মতবিনিময় সভায় উপজেলার জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, উপজেলা ছোটমনি নিবাসের উপ-তত্ত্বাবধায়ক সুশান্ত বালা, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আলাউদ্দিন মিয়া, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ফজলুল হক, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, জুলাই যোদ্ধা মেহেদী হাসান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ আহম্মেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, মো. সরোয়ার হোসেন মিয়া, আবুল হোসেন মোল্লাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
এসময় উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের ঘর খালি থাকার বিষয়, মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধাদের নামফলকসহ বিভিন্ন বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করা হয়। জেলা প্রশাসক মো. মামুন খন্দকার এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। জনসাধারণের সেবা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের আরও আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়াও তিনি শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি উপজেলা পরিষদ আঙিনায় বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।