আইনের সুশাসন ও দুর্নীতি প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে ধারণা সচেতন সমাজের
সীমান্ত রায় : আইনের সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে নীলফামারী জেলায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার মোহাম্মদ মিনহাজ উল আলম পিপিএম এর আগমনকে ইতিবাচক হিসেবে দেখছেন জেলার সচেতন মহল।
জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা, নতুন এই দুই শীর্ষ কর্মকর্তার নেতৃত্বে প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে। সরকারি সেবা পেতে হয়রানি কমবে, দালালচক্রের দৌরাত্ম্য কমবে এবং সাধারণ মানুষের ন্যায়বিচার
পাওয়ার পথ আরও সহজ হবে।
স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, “আইনের শাসন ছাড়া উন্নয়ন টেকসই হয় না। নতুন জেলা প্রশাসক ও পুলিশ সুপার যদি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেন, তাহলে নীলফামারীতে একটি ইতিবাচক পরিবর্তন আসবে।”
এদিকে ব্যবসায়ী, শিক্ষক ও জনপ্রতিনিধিরাও আশা প্রকাশ করেছেন, মাদক, চাঁদাবাজি, ভূমি জালিয়াতি ও সরকারি কাজে অনিয়মের বিরুদ্ধে প্রশাসন আরও সক্রিয় ভূমিকা রাখবে। বিশেষ করে টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা, সরকারি অফিসে দ্রুত সেবা প্রদান এবং থানায় অভিযোগ নিয়ে গেলে মানুষ যাতে হয়রানির শিকার না হয় — এসব বিষয়ে কঠোর নির্দেশনা আসবে বলে প্রত্যাশা করছেন তারা।
সাধারণ মানুষের মতে, নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আগমন শুধু প্রশাসনিক রদবদল নয়, এটি নীলফামারীর জন্য নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ। তাদের ইতিবাচক পদক্ষেপ জেলায় সুশাসনের ভিত্তি আরও মজবুত করবে।
জেলাবাসী এখন তাকিয়ে আছেন, নতুন নেতৃত্বের সততা, সাহস ও কর্মতৎপরতার দিকে। দুর্নীতিমুক্ত, নিরাপদ ও ন্যায়ভিত্তিক নীলফামারী গড়তে প্রশাসনের পাশাপাশি সকল শ্রেণির মানুষকে মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।