আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৃহস্পতিবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে এটি হবে তাঁর প্রথম ভাষণ।
নিউইয়র্কের ম্যানহাটনে ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
তিনি জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টায় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় অনুযায়ী তা শুক্রবার রাত ৩টায় প্রচারিত হবে।
মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পর জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বক্তব্য দেবেন। দেশের আবেগ, অনুভূতি ও আকাঙ্ক্ষাকে ধারণ করে প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দেবেন বলে জানান তিনি।
এর মাধ্যমে তিনি একই পরিবারের তৃতীয় ব্যক্তি হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন।
এদিন সরকারপ্রধান এবারের অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট অস্তিত্বগত হুমকি মোকাবিলা বিষয়ক উচ্চ পর্যায়ের সভায় উদ্বোধনী বক্তব্যও দেবেন।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় নিউইয়র্কে অনুষ্ঠিতব্য অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু তুলে ধরবেন। তার বক্তব্যে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের প্রভাব, উন্নয়ন সহযোগিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, অর্থনৈতিক সম্ভাবনা এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে।
এবারের জাতিসংঘ অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ ৮১তম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এ ভাষণকে বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।
জাতিসংঘের এবারের সাধারণ বিতর্কে বিশ্বনেতারা বৈশ্বিক সংকট, শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন।
নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও দ্বিপক্ষীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি জাতিসংঘের অধিবেশনের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করছেন।