চট্টগ্রাম ব্যুরো : বর্ষার আগে ভাঙা বা শূন্য স্ল্যাব ও ম্যানহোলের ঢাকনার তালিকা করে দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পাশাপাশি বড় নালা ও খালের পাশে যেখানে সুরক্ষা দেয়াল নেই, সেখানে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে বাঁশ বা অন্যান্য উপকরণ দিয়ে নিরাপত্তা বেষ্টনী নির্মাণ করা হবে। জলাবদ্ধতার স্থায়ী সমাধানে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
শুধু সিটি করপোরেশনের উদ্যোগে নয়, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ সমস্যার টেকসই সমাধান সম্ভব নয়।
গতকাল বুধবার বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে চসিকের ৪১ ওয়ার্ডজুড়ে চলমান নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ তদারকির সময় মেয়র এসব কথা বলেন।
তিনি বলেন, নগরে প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার ড্রেন এবং অসংখ্য খাল রয়েছে। এগুলো নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমি নিজে প্রতিদিন ৩টি করে ওয়ার্ড পরিদর্শন করে নালার মাটি উত্তোলন কার্যক্রম তদারকি করছি। এছাড়া, চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের ওয়ার্ড পর্যায়ে তদারকি করার এবং জলাবদ্ধতা সৃষ্টি করে এমন কাজ করলে ম্যাজিস্ট্রেটদের কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
মেয়র নালা-খালে ময়লা ফেলা, ড্রেনেজ ব্যবস্থা সংকুচিত করা এবং অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, এসব কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং কোনোভাবেই পানি প্রবাহ বাধাগ্রস্ত হতে দেওয়া হবে না।
গতকাল বুধবার এ কার্যক্রমের অংশ হিসেবে ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডে অক্সিজেন মোড় থেকে আলপনা ক্লাব পর্যন্ত, ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডে রৌফাবাদ সড়কের পূর্ব পাশ থেকে আতুরার ডিপো পর্যন্ত এবং ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডে বিবিরহাট গরু বাজার থেকে আতুরার ডিপো পর্যন্ত এলাকায় নালা-নর্দমা পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি এবং মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী।