কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের করিমগঞ্জে জমিতে কাজ করা অবস্থায় বজ্রপাতে মোঃ হেলিম মিয়া (৩৫) নামে এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার বৈরাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলিম গুজাদিয়া ইউনিয়নের নামাপাড়া গ্রামের মোঃ মুসলিমের পুত্র।
জানা গেছে, শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার বৈরাটিপাড়া গ্রামে নিহত হেলিমসহ ৮ জন শ্রমিক জনৈক আল ইসলামের জমি থেকে ধনেপাতা সংগ্রহের কাজ করছিলেন। এসময় বৃষ্টির সাথে বজ্রপাত আঘাত হানে। এতে হেলিম ঘটনাস্থলে নিহত হন এবং খোকন নামে আরেক শ্রমিক আহত হন। আহত শ্রমিক করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহাগ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমা বজ্রপাতে নিহত কৃষিশ্রমিক মোঃ হেলিমের পরিবারকে সরকারি সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।