প্রিন্ট এর তারিখঃ Nov 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 26, 2026 ইং
জলঢাকায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি-ছিনতাই, সড়কে শৃঙ্খলা ও জননিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি বলেন, আইন-শৃঙ্খলা ভালো না থাকলে উন্নয়ন টেকসই হয় না। জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সবাইকে স্ব-স্ব দপ্তর থেকে নিজ দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। অপরাধ দমনে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের অজুহাত দেখানো যাবে না। প্রতিটি দপ্তরকে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোখলেসুর রহমান, মোহাম্মদ মিজানুর রহমান, নন্দা সেনগুপ্তা, মোছাঃ সুমি বেগম, মোহাম্মদ আরিফুল আলম, মোঃ তারিকুজ্জামান, মোঃ কামরুজ্জামান, সেলিনা ইয়াসমিন, নাহিদুজ্জামান, লুবনা আক্তার, মনিরুজ্জামান, পূরবী রানী, এসএম গোলাম মোস্তফা, আসাদুজ্জামান, আহসান হাবীব, মেহেদী মাসুদ, জোবায়ের আলম, মোকসেদুল হক, মোহাম্মদ মছলে উদ্দিন, মোহাম্মদ আজিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ ও কিশোর অপরাধ দমনে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভা শেষে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা