প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 18, 2026 ইং
গুরুদাসপুরে বিদ্যালয়ের নির্মাণ কাজের উদ্বোধন

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর উপজেলার ধানুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন বিল্ডিং নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এক কোটি ৩৫ লক্ষ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট এ কাজের উদ্বোধন করা হয়। প্রায় ৩ মাস আগে এখানে পুরাতন ব্লিডিং ভেঙ্গে নতুন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল আজিজ।
গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবু জাফর মোহম্মদ হাসান ইমাম এর সভাপতিত্বে এ কাজের উদ্বোধন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের প্রতিনিধি চাপিলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব রেজাউল করিম ও উক্ত বিদ্যালয়ের সভাপতি রনি আহমেদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক শহিদুল ইসলাম, আব্দুর রহিম, মোঃ নুরুল ইসলাম, শিক্ষক আব্দুল আজিজ ও বিদ্যালয়ের অফিস সহকারী আতাউর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, ২০২৬ সালের আগস্টে নিয়ম ভঙ্গ করে পুরাতন বিল্ডিং ভাঙ্গার জটিলতায় ভিত্তি প্রস্তর স্থাপন হলেও নির্মাণ কাজ স্থগিত ছিল। এতে করে বিদ্যালয়ে ক্লাসের জায়গা সংকটে ভুগছিল শিক্ষক ও শিক্ষার্থীরা। নতুনভাবে এ বিল্ডিংয়ের নির্মাণ কাজ শেষ হলে এলাকার অসংখ্য স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের কষ্ট লাঘব হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা