প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 18, 2026 ইং
ত্যাগী নেতা শাহিনুর হক বাবুকে জলঢাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে দেখতে চায় দলীয় নেতাকর্মীরা

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে বেশ পরিচিত শাহিনুর হক বাবু। দীর্ঘ রাজনৈতিক জীবনে মামলা, হামলা, গ্রেফতার ও নির্যাতনের মধ্য দিয়েও তিনি দল ছাড়েননি।
দলীয় সূত্র ও তার পরিবারের ভাষ্য অনুযায়ী, বিএনপি করার কারণে তার বিরুদ্ধে মোট ২০টি রাজনৈতিক মামলা, পুলিশ কর্তৃক তিনবার, আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা চারবার নির্যাতনের শিকার হয়েছেন বলে রাজনৈতিক সূত্রে জানা যায়। তাছাড়া একবার সেনাবাহিনী ও একবার র্যাব কর্তৃক গ্রেফতার হয়েছেন এবং পুলিশ কর্তৃক অসংখ্যবার গ্রেফতার ও হয়রানির শিকার হতে হয়েছে তাকে। ২০১২ সালে একটি জাতীয় দৈনিকের প্রথম পাতায় বিএনপি নেতা হিসেবে আসামি করে তার নাম প্রকাশিত হয় বলে পত্রিকা সূত্রে পাওয়া যায়। সেই সময়ের রাজনৈতিক অস্থিরতায় জলঢাকায় বিএনপির আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে ছিলেন তিনি।
শাহিনুর হক বাবুর রাজনৈতিক জীবন শুরু হয় ছাত্রদল থেকে। ধারাবাহিকভাবে তিনি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয় শাখার দায়িত্ব পালন করেন ১৯৯৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জলঢাকা কলেজ শাখায় ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল, জলঢাকা উপজেলা শাখা ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত। আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জলঢাকা উপজেলা শাখা ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত। সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জলঢাকা উপজেলা শাখা ২০১৯। বর্তমানে সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জলঢাকা উপজেলা শাখায় ২০২০ থেকে অদ্যাবধি দায়িত্ব পালন করে আসছেন একজন ত্যাগী নেতা হিসেবে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, দীর্ঘ প্রায় তিন দশকের রাজনৈতিক জীবনে শাহিনুর হক বাবু সবসময় কর্মীদের পাশে ছিলেন। আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন। মামলা ও নির্যাতনের ভয়ে তিনি কখনো পিছু হটেননি। জলঢাকা উপজেলার সর্বসাধারণ মানুষ একজন ত্যাগী ও দলের জন্য নিবেদিত একটি নাম শাহিনুর হক বাবুকে সাধারণ সম্পাদক পদে দেখতে চায়।
তাদের ভাষ্য, ত্যাগ, সাহস ও সাংগঠনিক অভিজ্ঞতায় তিনিই এই পদে সবচেয়ে যোগ্য। দীর্ঘদিন ধরে রাজপথে থেকে দলকে সুসংগঠিত করা, কর্মীদের বিপদে পাশে থাকা এবং দলের দুঃসময়ে হাল না ছাড়ার কারণেই সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন তিনি।
একজন তৃণমূলকর্মী বলেন, “বাবু ভাই আমাদের সুখে-দুঃখে পাশে থাকেন। তাকে সাধারণ সম্পাদক হিসেবে পেলে জলঢাকা বিএনপি আরও শক্তিশালী হবে।”
শাহিনুর হক বাবু বলেন, “দলের জন্য ত্যাগ স্বীকার করেছি, জেল-জুলুম সহ্য করেছি। আমি কখনো পদ-পদবির জন্য রাজনীতি করিনি, করেছি মানুষের অধিকার আর গণতন্ত্রের জন্য। দল যদি দায়িত্ব দেয়, তবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জলঢাকার মানুষের জন্য কাজ করে যাব।”
দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, তার মতো ত্যাগী ও পরীক্ষিত নেতাকে মূল্যায়ন করলে জলঢাকায় বিএনপি আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা