প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 4, 2026 ইং
ফরিদপুর পৌরসভার নতুন উদ্যোগে যানজট কমবে

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের যানজট ক্রমেই তীব্র হচ্ছে। বিপুল সংখ্যক ইজিবাইক, অটোরিক্সাসহ হাজারো ছোট-বড় যানবাহনের চাপে প্রায়শই দীর্ঘ যানজটে পড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণকে। ভোগান্তির মাত্রা কমাতে কয়েকটি সড়ক প্রশস্তকরণের প্রকল্প হাতে নিয়েছে ফরিদপুর পৌরসভা। পৌর কর্তৃপক্ষ আশা করছে, সড়কগুলো প্রশস্তকরণ কাজ সম্পন্ন হলে শহরের প্রধান সড়কে যানবাহনের চাপ কমবে। এতে যনজট অনেকাংশে কমে যাবে। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, আরইউটিডিপি প্রকল্পের আওতায় ২০ কোটি ৩০ লাখ ৮৫ হাজার আটশত ২৩ টাকা ব্যয়ে রাজেন্দ্র কলেজ থেকে ডিআইবি বটতলা হয়ে তেঁতুলতলা পর্যন্ত, ফরিদ শাহ রোড থেকে শুরু হয়ে পৌরসভা পর্যন্ত এবং মাতৃমঙ্গল থেকে শুরু হয়ে সহকারী পুলিশ সুপারের বাংলো পর্যন্ত ৪.০৮ কিলোমিটার সড়ক প্রসস্তকরণ। কার্পেটিং সড়কের সাথে ড্রোইন, ফুটপথ থাকছে।
এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় ৮৮ লাখ ২১ হাজার চারশত ৯২ টাকা ব্যয়ে চৌরঙ্গি মসজিদ থেকে আদর্শ বালিকা বিদ্যালয় পর্যন্ত ২৪৩ মিটার কার্পেটিং, বিল মামুদপুর নতুনডাঙ্গী থেকে সোনা মিয়ার বাড়ী পর্যন্ত ১০৮৫ মিটার এইচ বিবি এবং মন্ডলবাড়ী সড়ক লিংক রোডের দুইশ মিটার ইউনি ব্লক সড়ক নির্মাণ কাজ এবং আইউআইডিপি প্রকল্পের আওতায় ৯৮ লক্ষ ৪৬ হাজার ছয়শ ৭৪ টাকা ব্যয়ে শুকপাক সড়ক ৪৭২ মিটার ইউনিব্লক ও তোতার মোড় থেকে মোসলেম খান ব্রিজ পর্যন্ত ২০০ মিটার ঢালাই সড়ক নির্মাণ কাজ চলমান।
রিক্সাচালক শরাফত আলী, পথচারী ইব্রাহিম মোল্লা, আবির হোসেনসহ স্থানীয়রা বলছেন, সড়কগুলো সংকীর্ণ ও খানা-খন্দে ভরপুর থাকায় স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটতো। অনেক জায়গায় দুটি বাহন পারাপার হওয়াও দুঃসাধ্য ছিল। এতে প্রায়শ ঘটতো দূর্ঘটনা।
স্থানীয় বাসিন্দা মোজাম্মেল শেখ, প্রাইভেটকার চালক আব্দুল আলী ও শওকত হোসেনসহ পৌরবাসীর দাবী, চলমান কাজ সম্পন্ন হলে প্রশস্ত সড়কে চলাচল সহজ হবে। একইসাথে নতুন করে ড্রেইন নির্মাণ করায় বৃষ্টির মৌসুমে ভোগান্তি পোহাতে হবে না। আর ফুটপাত থাকায় পথচারীরাও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে বলে মনে করছেন তারা।
তারা জানান, এসব সড়কের অধিকাংশ জায়গায় সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকতো, ফলে চলাচল করাই দায় হয়ে পড়েছিল। নতুন কাজ সম্পন্ন হলে এসব দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।
তবে পৌরবাসী মনে করেন, চলমান কাজের মান ঠিক রাখা জরুরী, অন্যথায় উপকারিতার বদলে দুর্ভোগে পড়তে হবে পৌরবাসীকে। তাই সিডিউল অনুযায়ী নির্মাণ কাজ সম্পন্ন করার দাবী তাদের।
এদিকে জেলার পুলিশ হাসপাতালে সামনের সড়ক প্রশস্ত করা হলেও পুরোনো গাছগুলোকে না কেটে সড়ক নির্মাণ করায় পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে স্থানীয়রা বলেন, গাছ না কাটায় পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে।
আর নির্মাণ কাজে কোনো ধরনের অনিয়ম মেনে নেয়ার সুযোগ নেই উল্লেখ করে ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলিয়াছুর রহমান জানান, কাজের স্বচ্ছতা ও মান নিয়ন্ত্রণে পৌরসভার প্রকৌশলীরা তৎপর রয়েছেন। এমনকি আমি নিজেও তদারকি করছি। দরপত্র মোতাবেক কাজ বুঝে নেয়া হবে।
তিনি আরো জানান, তিনটি প্রকল্পের কাজগুলো সমাপ্ত হলে প্রধান সড়কের যানজট কমবে। একই সাথে বড় অংশের জলাবদ্ধতা নিরসন হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা