প্রিন্ট এর তারিখঃ Sep 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 26, 2026 ইং
লৌহজংয়ে চিকিৎসা সেবায় অনিয়ম ॥ ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চিকিৎসা সেবায় অনিয়মের অভিযোগের ভিত্তিতে উপজেলার দুইটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে অনিয়মের কারণে একটি প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটার ও এক্স-রে রুম অনির্দিষ্টকালের জন্য সিলগালা করা হয়েছে।
শনিবার দুপুরে লৌহজং উপজেলার দুইটি ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ইসলামী জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির অপারেশন থিয়েটার ও এক্স-রে রুম অনির্দিষ্টকালের জন্য সিলগালা করা হয়েছে। এছাড়া ইয়াসমিন দেলোয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারকে একই ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু জানান, অভিযোগের ভিত্তিতে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, রোগীদের সেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা, গাফিলতি বা অনিয়মের কারণে ভোক্তার অর্থ, স্বাস্থ্য কিংবা জীবন ক্ষতির মুখে পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ুন রাজিব, লৌহজং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া, লৌহজং সাংবাদিক ইউনিট সহযোগী শেখ মোঃ সোহেল রানা, সাংবাদিক আবু নাছের লিমন, আসাদুজ্জামান নবীন, জাহিদ হাসান প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা