প্রিন্ট এর তারিখঃ Oct 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 25, 2026 ইং
আরটিভিতে সংবাদ প্রকাশের পর বহিষ্কার যুবদলের দুই নেতা

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকারি জমি ভরাটে বাধা দেওয়ায় ভূমি অফিসের কর্মচারীদের মারধর ও হুমকির অভিযোগে মামলা হওয়ার একদিন পরই উপজেলা যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়।
বহিষ্কৃতরা হলেন-শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম পার্থ এবং সদস্য অনিক ইসলাম অভি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে প্রজাতন্ত্রের কর্মচারীর কর্তব্যকাজে বাধা দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে, গত ২১ সেপ্টেম্বর শ্রীনগরের রাঢ়ীখাল ইউনিয়নের দামলা এলাকায় সরকারি খালের জমি ড্রেজার দিয়ে ভরাটের অভিযোগ ওঠে। সেখানে ভরাটকাজ বন্ধ করতে গিয়ে ভূমি অফিসের দুই কর্মচারী ও এক অটোরিকশাচালক মারধরের শিকার হন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর শ্রীনগর থানায় নিয়মিত মামলা হয়।
আরটিভিতে এ নিয়ে সংবাদ প্রকাশের পর দলীয়ভাবে বহিষ্কারের ঘোষণা এলো।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা