প্রিন্ট এর তারিখঃ Sep 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 24, 2026 ইং
লোহাগড়ায় দুর্নীতির বিরুদ্ধে দুই শতাধিক শিক্ষার্থীকে শপথ পড়ালেন জেলা প্রশাসক

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : ‘অন্যায় ও দুর্নীতি করিব না, অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না। মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব।’ এই কথাগুলো বলে শপথ নিয়েছে লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী।
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওই শপথবাক্য পাঠ করান নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। এছাড়া দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক কয়েকজন শিক্ষার্থীকে ভালো মনের মানুষ হিসেবে চিহ্নিত করে তাদের ব্যক্তিগতভাবে পুরস্কৃত করেন।
গত মঙ্গলবার ওই বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) নির্দেশনায় ও তত্ত্বাবধানে লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ওই কর্মসূচির আয়োজন করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
দুর্নীতিবিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি ড. সৈয়দ এমদাদুল হক।
দুপ্রকের সাধারণ সম্পাদক মারুফ সামদানীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান, দুর্নীতি দমন কমিশন যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিদর্শক সুমিত দাস, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রানী বিশ্বাস, উপজেলা দুপ্রকের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ জিহাদ আলী ও নির্বাহী সদস্য অধ্যাপক আবু আব্দুল্লাহ।
এছাড়া উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেবক মন্ডল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার লিখন কুমার রায়, দুপ্রকের সহ-সভাপতি কোহিনুর পারভীন এবং নির্বাহী সদস্য বি এম হোসেন আলী, শারমীন ইসলাম ও আরমান চৌধুরী।
বিতর্ক অনুষ্ঠানের মডারেটর ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আনিচুর রহমান এবং বিচারকমন্ডলী ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তহমিনা খোন্দকার, লিনা সুলতানা ও সমলেস কান্তি রায়। সময় নির্ধারণে ছিলেন আকিজুর রহমান সুজন। এছাড়া অনুষ্ঠানের সার্বিক শৃঙ্খলার দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের অন্যান্য সকল সহকারী শিক্ষকগণ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘শুধু কি অর্থ আত্মসাৎ করলেই দুর্নীতি হয়? নিজের কাজটি সঠিকভাবে না করাও দুর্নীতি। দায়িত্ব-কর্তব্য পালন না করাও দুর্নীতি। আমরা সময়ের কাজ সময়ে করি না, এটাও দুর্নীতি।’
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘সব সময়ে যুদ্ধে জিততে হয় না। সব কথার জবাব দিতে হয় না। নিরব থাকাও শক্ত প্রতিবাদ। বিদ্যালয়ের আঙ্গিনা ও নিজেদের বসতবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে শিক্ষার্থীদের, এটি শুধু শিক্ষক বা মা-বাবার দায়িত্ব নয়।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা