প্রিন্ট এর তারিখঃ Sep 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 16, 2026 ইং
কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের জীবনের সবচেয়ে প্রিয় মানুষটি কে- এ প্রশ্নের উত্তর দিতে খুব বেশি ভাবতে হয় না। তার হাসি, ভ্রমণ, অবসর কিংবা জীবনের ছোট-বড় আনন্দ- সবকিছুর সঙ্গী একজনই। তিনি মিমের স্বামী, ব্যাংকার সনি পোদ্দার। অভিনয়ের ব্যস্ততার ফাঁকে ব্যক্তিজীবনের নানা সুন্দর মুহুর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন মিম। বিশেষ করে প্রিয় মানুষটির সঙ্গে কাটানো সময়ের ছবি কিংবা ভালোবাসা মাখা অনুভূতি প্রায়ই ফুটে ওঠে তার সামাজিক যোগাযোগমাধ্যমে। এবারও তেমনই এক বিশেষ দিনে স্বামীকে ঘিরে নিজের মনের কথাগুলো প্রকাশ করলেন এই অভিনেত্রী।
সনি পোদ্দারের জন্মদিনে স্বামীর সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মিম। ছবির সঙ্গে তার লেখা কথাগুলো যেন ভালোবাসার ছোট্ট এক কবিতা।
মিম লেখেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় মানুষ। সনি পোদ্দার, আজও তুমি আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয় ভ্রমণসঙ্গী, আর প্রিয় সবকিছু। তোমার সঙ্গে জীবনের প্রতিটি মুহুর্ত ভাগ করে নিতে ভালো লাগে। তোমাকে পাশে নিয়ে জীবনটা কাটিয়ে দিতে চাই।’
মিমের এই কথায় যেন ফুটে উঠেছে দাম্পত্য জীবনের গভীর মায়া, যেখানে ভালোবাসা শুধু বিশেষ কোনো দিনের অনুভূতি নয়, বরং প্রতিটি পথচলার সঙ্গী। জীবনের আনন্দ, ভ্রমণের স্মৃতি কিংবা নিভৃতে কাটানো সময়, সবকিছুতেই প্রিয় মানুষটিকে পাশে চান তিনি।
দীর্ঘ আট বছরের প্রেমের পর ২০২২ সালের ৪ জানুয়ারি সনি পোদ্দারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিম। সময় পেরিয়েছে, সম্পর্ক পেয়েছে নতুন নাম; কিন্তু মিমের ভালোবাসার ভাষায় সেই একই মায়া- জীবনের প্রতিটি পথে প্রিয় মানুষটিকে পাশে পাওয়ার আকাঙ্ক্ষা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা