প্রিন্ট এর তারিখঃ Sep 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 16, 2026 ইং
নিরাপত্তা রক্ষায় রাতে জ্বলছে সড়কে বাতি

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি : সন্ধ্যা নামার সাথে সাথেই উপজেলার বিভিন্ন সড়কে জ্বলে উঠছে বাতি। আলোকিত করছে সড়কপথ। বলছি, ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কথা। বিদ্যুৎ না থাকলেও স্বাভাবিক নিয়মেই আলোকিত করছে সড়কপথ। এভাবেই চলছে দিনের পর দিন। হরিণাকুন্ডু পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। এতে করে নাগরিকদের নিরাপত্তায় রাতে কিছুটা লাঘব হবে বলে মনে করছেন অনেকেই।
হরিণাকুন্ডু পৌরসভার বিদ্যুৎ বিভাগের দেওয়া তথ্য মতে, পৌরসভার ৪০টি সড়ক বাতি এবং ২৬টি সোলার বিদ্যুৎ আছে। ১৪টি সোলার বিদ্যুৎ অকেজো হওয়ায় পৌরবাসী চরম ভোগান্তিতে ছিল। সেগুলো আবার সচল করা হয়েছে। হরিণাকুন্ডু পৌর সহকারী প্রকৌশলী আক্তারুজ্জামান জানান, সড়কে বিভিন্ন সময়ে নানা ধরণের অপরাধ সংঘটিত হয়। রাতে নাগরিকদের নিরাপত্তার খাতিরে এসব সড়কে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের রাজস্ব তহবিল থেকে সৌর বিদুৎ বাতিগুলো সংস্কার করা হয়েছে।
পৌরসভার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, পৌর শহরের প্রিয়নাথ স্কুলণ্ডকলেজের সামনে, মান্দারতলা বটতলার সামনে, ঝিনাইগাতি ক্যানালের ব্রীজের পাশে, চিথলিয়াপাড়া বিপ্লবের বাড়ির সামনে, চিথলিয়াপাড়া ওসমান মন্ডলের বাড়ির সামনে, পার্বতীপুর ওয়াপদা মোড়, ফায়ারসার্ভিস অফিসের সামনে, চটকাবাড়িয়া বটতলা মোড়, মাছবাজার হাফিজুলের দোকানের সামনে, শুড়া হিন্দুপাড়া ক্যানেলের পাশে, আমেরচারা মোড়, বৈঠাপাড়া স্কেল, মালিথাপাড়া কবরস্থান, বৈঠাপাড়া কবরস্থানের বাতিগুলো আলোয় আলোকিত করছে। হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসারের পদক্ষেপে এ সমস্ত এলাকার পৌর সড়ক বাতিগুলো আবারও ফিরেছে তার চিরচেনা মহিমায়।
এ ব্যাপারে হরিণাকুন্ড পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম টোটন জানান, হরিণাকুন্ডু উপজেলার ইউএনও একজন সৎ এবং ভালো মানুষ। হরিণাকুন্ডু উপজেলার মানুষের কল্যাণে তিনি সকলের ঊর্ধ্বে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, জলাবদ্ধতা নিরসনে নানাবিধ সমস্যার সমাধানসহ পৌরসভার উন্নয়নে সদা সজাগ থেকে নাগরিক সেবা দিয়ে যাবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক প্রদীপ্ত রায় দীপন বলেন, নাগরিকদের সেবার মান আরো উন্নত করতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব আলোচনা হয়েছে। রাতে নাগরিকদের নিরাপত্তা ও জীবন মান উন্নয়নে সড়কের পাশে এসব সৌর বিদুৎতের বাতি প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা