প্রিন্ট এর তারিখঃ Sep 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2026 ইং
চট্টগ্রামে তিন রেস্টুরেন্টে ভোক্তা অধিকারের অভিযান ॥ দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরের দেওয়ানহাট মোড় সংলগ্ন এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ, বাসি খাবার বিক্রির জন্য রাখা এবং অননুমোদিত ক্ষতিকর রং ব্যবহারের দায়ে তিনটি রেস্টুরেন্ট মালিককে ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গত বৃহস্পতিবার দুপুরে নগরের দেওয়ানহাট মোড়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে গ্রান্ড তাজমহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে অননুমোদিত ক্ষতিকর রং মিশ্রিত কাশ্মীরি মরিচের ব্যবহার, পচা ও দুর্গন্ধযুক্ত খাদ্য ও পানীয় সংরক্ষণ এবং রান্না করা বাসি মুরগির চাপ, মুরগির মাংস, খিচুড়িসহ বিভিন্ন খাদ্যদ্রব্য অপরিচ্ছন্ন পরিবেশে সংরক্ষণ করতে দেখা যায়। এছাড়া ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ করা হচ্ছিল। একই অভিযানে রান্না করা বাসি খাবার কাঁচা মাছ-মাংসের সঙ্গে একই ফ্রিজে সংরক্ষণ, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য রাখা এবং খাবারের মধ্যে তেলাপোকার বিচরণের কারণে আলিফ রেস্টুরেন্ট মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রান্না করা বাসি খাবার কাঁচা মাছ-মাংসের সঙ্গে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণের দায়ে ক্যাফে আরমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মালিককে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, খাদ্যদ্রব্যে অননুমোদিত ক্ষতিকর রং ব্যবহার, পচা-বাসি খাবার সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ করা ভোক্তার স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এসব অনিয়মের বিরুদ্ধে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে নিরাপদ খাদ্য প্রস্তুত ও বিক্রির বিষয়ে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে তদারকি কার্যক্রমের অংশ হিসেবে দেওয়ানহাট মোড় এলাকার বিভিন্ন ফলের দোকানেও অভিযান পরিচালনা করা হয়। এসময় দোকানিদের স্বাস্থ্যসম্মতভাবে ফল সংরক্ষণ ও বিক্রির বিষয়ে সতর্ক করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা