প্রিন্ট এর তারিখঃ Aug 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 23, 2026 ইং
কাহারোলে চোরাই মটরসাইকেলসহ আটক ৪

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোল থানা পুলিশ চোরাই মটরসাইকেলসহ ৪ জনকে আটক করে আদালতে সোপর্দ করেছেন। কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিমুর রহমান সেলিম গতকাল শনিবার সকালে জানান, থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে গত ২১ আগস্ট রাতে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ফেরুষাডাঙ্গা গ্রামের মোঃ হাবিবুর রহমানের দুই ছেলে মোঃ দুখু মিয়া (৩২) ও মোঃ এজান আলী (৩৫), একই গ্রামের মৃত তেজাম আলীর ছেলে মোঃ জসিম উদ্দীন (২৮) এবং একই ইউনিয়নের শাহাপাড়া গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে মোঃ মাহাবুর রহমানকে (১৮) চোরাই মটরসাইকেলসহ আটক করে থানায় নিয়ে আসেন। উদ্ধারকৃত মটরসাইকেলগুলো হলো- একটি ১০০ সিসি হিরো স্পেন্ডার, একটি ১০০ সিসি হিরো এইচ এফ ডিলাক্স, একটি ১২৫ সিসি বাজাজ ডিসকোভার, একটি ১১০ সিসি বাজাজ ডিসকোভার। আটককৃতদের বিরুদ্ধে কাহারোল থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। মামলা নং- ৯ তারিখঃ ২১ আগস্ট ২০২৬ইং। আসামীদেরকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা